ক্র্যাকপ্লাটুনের সঙ্গী হলো উবার

২ এপ্রিল, ২০২০ ১৮:১২  
স্বাস্থ্যকর্মীদের ৪০টির বেশি হাসপাতালে যাতায়াতের সুবিধা দিতে এবং কোভিড-১৯–এর সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করতে চালু হয়েছে ক্র্যাক প্লাটুন। আর এই দ্য আর্থ সোসাইটির প্রকল্প ক্র্যাক প্লাটুনের অংশীদার হয়েছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার। উবার জানিয়েছে, ক্র্যাক প্লাটুনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে হাসপাতালগুলো তাদের বৈশ্বিক দক্ষতা ও চালকদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এতে চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীরা বাসা থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাসায় যাতায়াতে তাদের সার্ভিস ব্যবহার করতে পারবে। ক্রাকপ্লাটুন কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দিনে ১৬টি রুটে বৃহস্পতিবার (০২ এপ্রিল) ১২৩ জন এ সেবা গ্রহণ করেছেন। ২০১৯ সালে অ্যাপিকটা আইওটি জয়ী এই প্রতিষ্ঠানের সিইও মীর শাহরুখ ইসলাম ডিজিবাংলা-কে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকেই এই সময়ের একেকজন যোদ্ধা। তাই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের জনপ্রিয় গেরিলা সংগঠন ক্র্যাক প্লাটুনের নামের সঙ্গে মিল রেখে এ সেবাটির নাম দেওয়া হয়েছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’।